• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]

‘মিডল স্ট্যাম্প’ উড়িয়ে সরকারকে আউটের হুঁশিয়ারি রিজভীর

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ৫ আগস্ট, ২০২৩

‘নো বল করে সরকারকে আউট করা যাবে না’ বলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে বক্তব্য দিয়েছেন এর জবাব দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরকারের মিডল স্ট্যাম্প উড়িয়ে দিয়ে পতন ঘটানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শনিবার (৫ আগস্ট) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে রিজভী এই কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করে চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

রিজভী বলেন, ‘ওবায়দুল কাদের বলেছেন- নো বল করে সরকারকে আউট করা যাবে না। কিন্তু আমরা আপনাদেরকে নো বলে কিংবা এলবিডব্লিউ দিয়ে আউট করব না। বরং মিডল স্ট্যাম্প উড়িয়ে দিয়ে পতন ঘটানো হবে।’

সরকারের সমালোচনা করে রিজভী বলেন, ‘শেখ হাসিনা তো রাতের প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। মানুষ বলাবলি করেন লাইলাতুল ইলেকশন করেছেন। এখন লাইলাতুল আদালত কর্তৃক রায় দেওয়া হচ্ছে। সাগর রুনির বিচারের শুনানি ৯৯ বার পেছানো হয়েছে। আর তারেক রহমানের রায় তো দ্রুতগতিতে দেওয়া হয়েছে। সেই রায় আগেই লেখা ছিল। সেজন্যই আমি বিস্মিত নই।’

রিজভী বলেন, ‘তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে। তিনি তো গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। আর তার দুর্বল জায়গা তার সহধর্মিণী। সেজন্যই তাদের বিরুদ্ধে সাজা দেওয়া হয়েছে। কারণ শেখ হাসিনা ক্যালকুলেটেড ফ্যাসিস্ট। যারা ফ্যাসিস্ট তাদের কাছে ভালো কিছু আশা করা যায় না।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘শেখ হাসিনা জিয়া পরিবারের বিরুদ্ধে টার্গেট নিয়ে কাজ করে যাচ্ছেন। তিনি এভাবে তার পায়ের নিচের মাটি সরিয়ে ফেলেছেন। জনগণ কিন্তু এগুলো আর ভালোভাবে নেয়নি।’

রিজভী আরও বলেন, ‘শেখ হাসিনা তার রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচার করতে বাধা দিচ্ছেন। কিন্তু প্রযুক্তির নানা মাধ্যমে তারেক রহমানের বক্তব্য জনগণের কাছে পৌঁছে গেছে। মানুষ আজ জেগে উঠেছে। তারা ইট কাঠ পাথর কংক্রিট উপেক্ষা করে সর্বোচ্চ আওয়াজ দিয়ে স্লোগান দিচ্ছেন। এত হামলা মামলা নির্যাতন করেও কিন্তু তাদের দমাতে পারেনি। বিএনপির এত জনসমর্থনই হলো শেখ হাসিনার ভয়ের কারণ। তবে বেশিদিন আর ক্ষমতায় থাকতে পারবেন না।’

রিজভী বলেন, ‘শেখ হাসিনার অনুসারী কোনো লোক বিচারের দায়িত্বে থাকলে তার কাছে তো ন্যায়বিচার পাওয়া যায় না। তিনি তো শেখ হাসিনার নির্দেশে রায় দেবেন। আজকে বাংলাদেশের বিচার বিভাগ শেখ হাসিনার চেতনায় উদ্বুদ্ধ।’

ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম মহাসচিব ডা. মো. মেহেদী হাসানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন ড্যাবের মহাসচিব ডা. মো. আবদুস সালাম, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের কাদের গণি চৌধুরী, ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের অধ্যাপক লুৎফর রহমান, বিএমএর সাবেক সভাপতি ডা. একেএম আজিজুল হক, সাবেক মহাসচিব ডা. গাজী আব্দুল হক, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এ্যাবের কৃষিবিদ শামীমুর রহমান শামীম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ