• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]

ময়মনসিংহে প্রাইভেটকারসহ ৩ জুয়ারি গ্রেপ্তার

আরিফ রববানী, ময়মনসিংহ।। / ১২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ২ আগস্ট, ২০২৫

ময়মনসিংহের সদর উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ৩ জুয়ারিকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। এ সময় একটি প্রাইভেটকার, ৩টি সিএনজি এবং এক জুয়াড়ির বিকাশ একাউন্টে থাকা ৪ লাখ টাকা জব্দ করা হয়।

শনিবার (২ আগস্ট) দুপুরে সংশ্লিষ্ট জুয়া আইনের মামলায় এই আসামিদের ময়মনসিংহ চীফ জুডিশিয়াল আদালতে পাঠানো হয়। এর আগে গতরাতে (১ আগষ্ট) কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শিবিরুল ইসলাম এর নির্দেশনা মোতাবেক এসআই শাফায়েত হোসেন ও এএসআই আয়েছ মাহমুদ সঙ্গীয় অফিসার্স ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে সদর উপজেলার ভাবখালি কাচারি বাজার সংলগ্ন ব্রহ্মপুত্র নদের তীর এলাকার এই জুয়ার আসর থেকে তাদের গ্রেপ্তার করে।

আসামিরা হলেন- নরসিংদী রায়পুরা থানা এলাকার বাসিন্দা মৃত মতিন খানের ছেলে মোঃ শাকিল খান (৪০), নান্দাইল উপজেলার অরণ্যপাশা গ্রামের বাসিন্দা মৃত ইমাম হোসেনের ছেলে আল আমিন (৪৫) এবং ত্রিশাল উপজেলার দরিরামপুর গ্রামের মৃত উশন আলীর ছেলে আশরাফুজ্জামান খান মোতালেব (৫৮)।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে ব্রহ্মপুত্র নদ সংলগ্ন গৌরীপুর, ত্রিশাল ও সদর উপজেলার সীমান্তঘেঁষা দুর্গম চরাঞ্চল চরভাবখালী নামক স্থানে নিয়মিত জুয়ার আসর চলছিল। ভাবখালী ইউনিয়ন বিট পুলিশিং দায়িত্বে থাকা কোতোয়ালি মডেল থানার এএসআই আয়েছ মাহমুদ গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত হয়ে উক্ত জুয়ার বোর্ডে অভিযান পরিচালনা করার পরিকল্পনা করেন এবং ওসি শিবিরুল ইসলামের পরামর্শ মোতাবেক অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করাসহ জুয়াড়ীদের যাতায়াতের ব্যবহৃত প্রাইভেটকার ও সিএনজি জব্দ করেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, আসামিদের সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

এবিষয়ে জেলার পুলিশ সুপার (এসপি) কাজী আকতার উল আলম বলেন, এর আগেও এই আসরে পুলিশ ৪ থেকে ৫ বার অভিযান চালিয়েছে। এছাড়াও সেনাবাহিনীর যৌথ অভিযানে ১৭ জন গ্রেপ্তার হয়েছিল। এধরনের অভিযান নিয়মিত চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ