শিক্ষামন্ত্রীর ডা দীপু মনি বলেছেন নতুন ভিসা নীতি নিয়ে সরকার কোন চাপে নেই। মাদরাসা শিক্ষার উন্নয়নে বর্তমান সরকারের ভূমিকা শীর্ষক অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় শিক্ষক সমাবেশ শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ দাবি করেন।
শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী নগরীর মদীনাতুল উলুম কামিল মাদরাসায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, নতুন ভিসা নীতি নিয়ে বলা হচ্ছে, কেউ যদি নির্বাচনী ব্যবস্থাকে ব্যাহত করে তাহলে তাদেরকে ভিসা দেবে না। সরকার স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন চায় এবং সেটা করতে সরকার অঙ্গিকারবদ্ধ।
নতুন শিক্ষাব্যবস্থা প্রসঙ্গে মন্ত্রী বলেন, নতুন শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন হলে কোচিং নির্ভরতা কমবে। শিক্ষার্থীদের মুখস্ত বিদ্যার ওপর নির্ভরতা কমবে। তবে কোচিং ব্যাবসায় ভাটা পড়বে এই ভয়ে অনেকে নতুন শিক্ষা ব্যবস্থার সমালোচনা করছেন।
দীপু মনি বলেন, কেরানি তৈরির শিক্ষা ব্যবস্থা স্বাধীন দেশের জন্য শুভকর নয়। যে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা আমাদের আছে তা কেরানী পয়দা করার ব্যবস্থা। কারণ তারা চেয়েছিল এখান থেকে শুধু কেরানি তৈরি করা হবে। কোন পরিকল্পনাবিদ বা সিদ্ধান্ত গ্রহণকারী তৈরির উদ্দেশ্য তাদের ছিল না। কারণ এতে তাদের ক্ষমতা হারাবার ভয় ছিল। ঐ শিক্ষা ব্যবস্থায় শাসক যা বলবে কেরানি তাই করবে। তবে বর্তমান শিক্ষা ব্যবস্থা সেই ধারা থেকে নতুন প্রজন্মকে বের করে আনা হচ্ছে। কোয়ালিটি শিক্ষা ব্যবস্থার দিকে গুরুত্ব দেয়া হচ্ছে। আমরা চাই না একদিনে ৫০০ জায়গায় বোমা ফাটুক, চাই একদিনে ৫০০ টি মডেল মসজিদ হোক।