• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
  • [gtranslate]

ভারত কখনো বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করেনি, করবেও না: কাদের

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩

ভারত কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করেনি, করবেও না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বাংলাদেশের বিষয়ে অতি সম্প্রতি যুক্তরাষ্ট্রকে দেওয়া ভারতের বিবৃতি নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে তিনি বলেন, ওই বিবৃতির পর বিএনপিকে ভারতভীতি পেয়ে বসেছে। তবে ভারত কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করেনি এবং করবেও না।

শনিবার (১৯ আগস্ট) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডা. মিলন হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় সেতুমন্ত্রী এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচনের আগে, নির্বাচনের সময় ও নির্বাচন পরবর্তী সময়ে শান্তিপূর্ণ পরিবেশ রাখতে চায় আওয়ামী লীগ। আওয়ামী লীগ বর্তমানেও শান্তি সমাবেশ করছে, উন্নয়নের সমাবেশ করছে। জনগণের জানমাল রক্ষার্থে রাজপথে আছে। আওয়ামী লীগ দেশ ও স্বার্থেই এ ধরণের কর্মসূচী পালন করছে। দেশে যে উন্নয়ন হয়েছে তা জনগণের কাছে তুলে ধরবে আওয়ামী লীগ।

সরকারের প্রতি জনগণের আস্থা রয়েছে জানিয়ে তিনি বলেন, দেশের ৭০ শতাংশ জনগণ শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন। যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাক পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বারা অনুপ্রাণিত। শেখ হাসিনা যা বলেন তাই করেন এবং দেশবাসী তা বিশ্বাস করেন।

বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, বেগম খালেদা জিয়ার বিষয়ে সরকার অত্যন্ত মানবিক। শেখ হাসিনাও মানবিক। তবে বিএনপি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন নয়, বিএনপি ব্যস্ত বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যগত সমস্যা নিয়ে রাজনীতি করতে।

এ সময় বিএনপির আইনজীবীদের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি দায়িত্বশীলতার সাথে সঠিকভাবে কাজ করলে তার মামলাগুলো হয়তো অনেক আগেই নিষ্পত্তি হয়ে যেত।

বিদেশিদের সমালোচনা করে তিনি বলেন, বর্তমানে বিশ্বটাই ওলট পালট হয়ে গেছে। বিশ্বব্যাপী জলবায়ুর পরিবর্তনের কারণে পৃথিবীর বিভিন্ন দেশ দাবানলে পুড়ছে। ঝড়, বৃষ্টি, বন্যা লক্ষ্য করা যাচ্ছে। যে সব দেশ মানবাধিকার রক্ষার কথা বলে বেড়ায় তারা নিজেরা প্রকৃতপক্ষে কতটা মানবাধিকারে বিশ্বাসী তা নিয়ে প্রশ্ন রয়েছে। ইউক্রেনে মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করে অস্ত্র সরবরাহ করছে, অন্যদিকে সুদানে, সোমালিয়ায় মানুষ না খেয়ে মারা যাচ্ছে। সেদিকে তাদের কোনো খেয়াল নাই। পৃথিবীর বিভিন্ন দেশে নির্বাচন হয়েছে, আগামীতে হবে, তা নিয়ে মাথা ব্যথা নাই। অথচ বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে বিদেশীরা দাওয়াত ছাড়াই চলে আসছেন। বাংলাদেশে পান থেকে চুন খসলেই তারা তৎপর হয়ে উঠে। অথচ নিজের দেশে পাবলিক প্লেসে মানুষ মেরে ফেলছে তা নিয়ে মাথা ব্যথা নেই।

bsmmuসভাপতির বক্তব্যে বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, বঙ্গবন্ধুর কারণে আমরা বাংলাদেশ অর্জন করতে পেরেছি। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। বর্তমানে রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন বঙ্গবন্ধুরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তিনি বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ বাস্তবায়ন করে যাচ্ছেন। তিনি ক্ষমতায় আছেন বলেই বাংলাদেশে স্বপ্নের পদ্মা সেতু, মেট্রো রেল চালু হয়েছে। আপনারা সবাই প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন, যাতে করে তিনি দীর্ঘজীবন লাভ করেন, সুস্থ থাকেন এবং বাংলাদেশকে অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে পারেন।

সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, আমাদের স্মরণে রাখতে হবে, বর্তমানে বাংলাদেশের বিরুদ্ধে দেশে বিদেশে ষড়যন্ত্র শুরু হয়েছে। ষড়যন্ত্রকারীরা চায় না শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে উন্নয়নের ধারা অব্যাহত থাকুক। তারা বাংলাদেশকে পিছিয়ে দিতে চায়। আসুন আমরা দেশবাসীকে সাথে নিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে বিএনপি-জামায়াত জোটসহ দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের রুখে দিয়ে বাংলাদেশের দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার পথকে গতিশীল রাখি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ