• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]

বিজিবির সহায়তায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় বৃদ্ধার মরদেহ দেখলেন স্বজনরা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক// / ২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে বিজিবির সহায়তায় ভারতের এক বৃদ্ধার মরদেহ দেখার সুযোগ পেয়েছেন তার স্বজনরা।

শনিবার (৮ নভেম্বর) সকালে জেলার শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তের শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ওই ভারতীয় নারীর মরদেহ দেখানো হয়।

চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, মৃত নারীর নাম সেলিনা বেগম। তিনি ভারতের মালদা জেলার গোপালগঞ্জ থানার শ্বশানী-চকমাহিলপুর এলাকার মৃত গাজলুর রহমানের স্ত্রী। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি। সেলিনা বেগমের মরদেহ শেষবারের মতো দেখার জন্য বিজিবির কাছে আবেদন জানিয়েছিলেন তার ভাই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোল্লাটোলা-বাগিচাপাড়ার মোসলেম উদ্দীনের ছেলে তোফাজ্জল হক।

বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, “মৃত্যুর সংবাদ পেয়ে সেলিনা বেগমের ভাই তোফাজ্জল হক বিজিবির কাছে মরদেহ দেখার জন্য আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে বিজিবি যোগাযোগ করে বিএসএফের সঙ্গে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর উপস্থিতিতে শনিবার সকাল পৌনে ১১ টার দিকে আন্তর্জাতিক সীমারেখায় মরদেহ দেখার সুযোগ করে দেয়া হয়।”

তিনি আরও বলেন, “আজমতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলারের কাছে শূন্য লাইনে মরদেহ দেখার ব্যবস্থা করা হয়। এ সময় সেলিনা বেগমের বাংলাদেশি স্বজনরা আবেগ-আপ্লুত হয়ে পড়েন।”

লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া আরও জানান, “সীমান্তে বিজিবি অত্যন্ত মানবিক ভূমিকা পালন করতে চায়। মরদেহ স্বজনদের দেখানোসহ এ ধরণের কার্যক্রমকে মৌলিক কর্তব্য মনে করি আমরা। ভবিষ্যতেও এ ধারা অব্যহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ