নওগাঁর বদলগাছীতে হাটে যাওয়ার পথে ৭০ বছর বয়সী সাইকেল আরোহী এরফান কবিরাজের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি শনিবার সকাল সাড়ে ৭ টায় বদলগাছী ছোট যমুনা নদীর ব্রিজের পূর্ব পাশে, সেনপাড়া ১০ মাথা এলাকায় ঘটে। নিহত এরফান কবিরাজ উপজেলার আধাইপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত ফজলার রাহমান কবিরাজের ছেলে।
স্থানীয় পুলিশ ও সূত্রে জানা যায়, এরফান সকালে বড়ি থেকে বদলগাছী হাটে পটল ও কাঁচা মরিচ বিক্রি করতে যাচ্ছিলেন। সেনপাড়া ব্রিজ মোড়ে পৌঁছালে মাতাজিহাট থেকে জয়পুরহাটগামী একটি গরুবাহী ভুটভুটি সরাসরি তাঁর সাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি পাকা রাস্তার উপর পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয়রা তাঁকে দ্রুত বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ ঘটনাস্থল আসেন এবং ভুটভুটি ও সাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
বদলগাছী থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে একটি মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশের সুরতহাল রিপোর্ট শেষে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।