বগুড়ার গাবতলীতে মোটরসাইকেলের ধাক্কায় রাস্তার পাশে বসে থাকা দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের চালক ও আরোহী।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে গাবতলী উপজেলার কদমতলী গ্রামের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— কদমতলী গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে দোলা আকন্দ (৬০) ও আহম্মেদ প্রামানিকের ছেলে সুজন (২০)।
আহত মোটরসাইকেলের চালকের নাম পাভেল (৩৫)। তিনি গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ওসি জানান, রাতে গরমের কারণে গাবতলী থানার কদমতলী গণ-কবরস্থানের পাশে রাস্তায় বসে ছিলেন ওই দুই ব্যক্তি। রাত ১২টার দিকে বেপরোয়া গতিতে আসা মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় বসে থাকা দুইজনকে ধাক্কা দিয়ে পড়ে যায়। এতে ওই দুই ব্যক্তি ছাড়াও মোটরসাইকেলে থাকা দুইজন আহত হন। স্থানীয় লোকজন আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সুজন ও দোলা আকন্দ মারা যান। মোটরসাইকেলে থাকা দুইজনের মধ্যে চালক পাভেলকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অপর মোটরসাইকেল আরোহী হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যাওয়াতে তার নাম পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার বিষয়ে নিহতদের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ আসেনি। নিহতদের মরদেহ স্বজনরা রাস্তা থেকেই বাড়িতে নিয়ে গেছেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।