নওগাঁর পোরশা উপজেলার সারাইগাছী মোড় থেকে বন্ধুপাড়া মোড় পর্যন্ত ১০ কিলোমিটার এলাকায় কয়েক মাস ধরে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ডাকাতি ঘটছে।
সংঘবদ্ধ ডাকাতদল সড়কে গাছ ফেলে যানবাহন আটকিয়ে যাত্রীদের টাকা, মোবাইল, স্বর্ণালংকারসহ সর্বস্ব ছিনিয়ে নিচ্ছে।
রোববার সন্ধ্যা ৭টায় বেজোড়া মোড় সংলগ্ন যাত্রী ছাউনি এলাকায় ডাকাতি ঘটেছে। পরের কয়েক ঘন্টায় ব্রীজ ও অন্যান্য সড়কে একইভাবে ডাকাতি চালানো হয়। রাত ১০টায় দুই বাড়িতে ডাকাতির পর আগুন দিয়েছে ডাকাতরা। রাত ১১টায় বেজোড়া মোড় দরগা সংলগ্ন সড়কে ডাকাতি চালায়। স্থানীয়রা জানান, এসব ঘটনায় প্রায় ২৫-৩০ জনের একটি দল অংশ নেয়।
স্থানীয়দের অভিযোগ, থানা পুলিশ কার্যকর ভূমিকা রাখছে না। তবে সাপাহার সার্কেলের এএসপি শ্যামলী জানান, পুলিশ টহল জোরদার করা হচ্ছে এবং স্থানীয়দের সঙ্গে সমন্বয় রাখা হচ্ছে।
পোরশা উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম ও নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার ডাকাতি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।