বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সতর্ক করেছেন, দেশে নির্বাচন যদি বিলম্বিত হয়, তবে ফ্যাসিবাদের উত্থানের সুযোগ তৈরি হবে। তিনি বলেন, এটি কোনোভাবেই কাম্য নয়।
শনিবার (৪ অক্টোবর) রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সেমিনার হলে জাতীয় গণতান্ত্রিক পার্টির (এনডিপি) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘পিআর মানে পার্মানেন্ট রেস্টলেসনেস। এতে স্থায়ী সরকার থাকে না। কয়েক মাস পরপর প্রধানমন্ত্রী ও সরকার পরিবর্তন হয়। দেশের উন্নয়ন ব্যাহত হয় এবং জনগণের অঙ্গীকার বাস্তবায়ন সম্ভব হয় না। এই অস্থিরতার দিকে আমরা রাষ্ট্রকে ঠেলে দিতে পারি না।’
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের কর্মকাণ্ডেই পিআরের বাতাস প্রবাহিত হচ্ছে। যারা পিআর-পিআর করছে, তাদের মধ্যে অনেকে ‘আমি-ডামি’ নির্বাচনে অংশ নিয়েছিল। এদের কারণে আওয়ামী লীগের সব কর্মকাণ্ডে প্রভাব পড়ছে।
বিএনপির নেতা প্রশ্ন তোলেন, পিআর পদ্ধতিতে স্বতন্ত্র প্রার্থীর কি কোনো স্থান থাকবে? তাদের সাংবিধানিক অধিকার কি সংরক্ষিত থাকবে না? তিনি সর্বশেষ জরিপের তথ্যকে অবিশ্বাসযোগ্য আখ্যা দিয়ে বলেন, যেখানে দেশের ৫৬ শতাংশ মানুষই পিআর কী তা বোঝে না, সেখানে বলা হচ্ছে ৭০ শতাংশ মানুষ পিআর চায়-এটি বিভ্রান্তি ছড়ানোর অংশ।
তিনি আরও বলেন, ‘সংবিধান ছেলে খেলা নয়। ১৮ কোটি মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা চলতে পারে না। সংবিধানকে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় চলতে দিতে হবে। নতুন সংবিধান প্রণয়ন করলেই তা স্থায়ী হবে, এমন ধারণা ভুল।’
সালাহউদ্দিন বলেন, গণতান্ত্রিক চর্চায় তর্ক-বিতর্ক ও বহুমত থাকবে, তবে জাতীয় ইস্যুতে ঐকমত্য তৈরি করতে হবে। যাতে জনগণ এবং দেশের মানুষ বিজয়ী হয়।
আলোচনায় তিনি গাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলি হামলার নিন্দা জানান এবং জাতিসংঘকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন এনডিপি চেয়ারম্যান আবদুল্লাহ্ আল হারুন (সোহেল)। বক্তব্য রাখেন সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদসহ এনডিপি নেতারা।