নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রশিদ চৌধুরীর বাড়িতে মধ্যরাতে গুলিবর্ষণের ঘটনায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. সোহেল রানাকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের ভাটোপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
বাগাতিপাড়া মডেল থানা পুলিশের কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার মো. সোহেল রানা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এবং একই এলাকার রফিকুল ইসলাম রফিকের ছেলে।
ওসি রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় রাতে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। থানায় আইনগত কাজ চলছে।
উল্লেখ্য, এর আগে গত ১৭ ডিসেম্বর রাত ১টার দিকে বাগাতিপাড়া উপজেলার জয়ন্তিপুর এলাকায় বিএনপি নেতা আব্দুর রশিদ চৌধুরীর বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ সময় ওই বাড়ি থেকে পিস্তলের দুই রাউন্ড তাজা গুলি ও ৭ রাউন্ড খালি খোসা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বিএনপি নেতা আব্দুর রশিদ চৌধুরী বাগাতিপাড়ায় থানায় একটি মামলা দায়ের করেন।