চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা এলাকা হতে হেরোইন বিক্রির অপরাধে এক মহিলাকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। রোববার দুপুরে এক অভিযানে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০৫ গ্রাম হেরোইন উদ্ধার করে র্য্যাব-৫।
আটক মহিলা জেলার সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের সরজন মহিপুর এলাকার মৃত বেলাল উদ্দিন বিশ্বাসের মেয়ে লুসিয়ারা বেগম (৪৫)।
এ বিষয়ে র্যাবের মিডিয়া উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল রোববার (১ অক্টোবর) দুপুর আড়াইটায় লুসিয়ারার বসত বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় বসত বাড়ীর ঘরের মেঝেতে বিশেষ কায়দায় তৈরীকৃত গর্তের ভিতর থেকে ২০৫ গ্রাম হেরোইন উদ্ধারসহ লুসিয়ারাকে আটক করে র্যাব-৫।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক লুসিয়ারা সীমান্তবর্তী এলাকা হতে মাদক সংগ্রহ করে তার বসত বাড়ীতে সংরক্ষণ করে জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করতো বলে স্বীকার করেছে। এ ঘটনায় তাকে নবাবগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানান অধিনায়ক।