• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
  • [gtranslate]

‘অস্বাভাবিক সরকার তৈরির ষড়যন্ত্র করছে বিএনপি’

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ১ অক্টোবর, ২০২৩

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এক এগারোর মতো অস্বাভাবিক সরকার তৈরি করার সুগভীর ষড়যন্ত্র করছে বিএনপি। তাদের একমাত্র টার্গেট হচ্ছে শেখ হাসিনাকে হটানো।

রোববার (১ অক্টোবর) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যৌথসভায় বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

ক্ষমতাসীন দলের সম্পাদকমণ্ডলীর সঙ্গে দুই মহানগর ও সহযোগী সংগঠনের নেতাদের এই যৌথসভা অনুষ্ঠিত হয়।

ওবায়দুল কাদের বলেন, যারা আওয়ামী লীগের পতন দেখছে, তাদের নিজেদের পতন হয় কিনা সেটাই এখন দেখার বিষয়।

বিএনপি আল্টিমেটামেও ব্যর্থ উল্লেখ করে তিনি বলেন, গত ১৫ বছরে অনেকবার বিএনপির হাঁকডাক শোনা হয়েছে। বিএনপি বিভিন্ন সময় আওয়ামী লীগের নির্বাচনে আসন নিয়ে সমালোচনা করেছিলো, যা ছিলো বিএনপির অহংকার দম্ভ।

যৌথসভার কারণ উল্লেখ করে কাদের আরও বলেন, প্রধানমন্ত্রী বিদেশে থেকেও মূল্যবান কিছু পরামর্শ দিয়েছেন। সেসব বিষয়ে আলোচনা করতেই এই সভা। আগামী ৪ অক্টোবর দুপুরে তিনি দেশে ফিরবেন।

তিনি বলেন, রাস্তা বন্ধ করে কিংবা জনদুর্ভোগ সৃষ্টি করে আওয়ামী লীগের কোনো কর্মসূচি প্রধানমন্ত্রী পছন্দ করেন না।

খালেদা জিয়ার প্রসঙ্গে কাদের বলেন, একজন সাজাপ্রাপ্ত আসামিকে যেসকল সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে তা মানবিকতার দৃষ্টান্তে পৃথিবীতে বিরল।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, খালেদা জিয়ার বিষয়ে সকল সিদ্ধান্ত আইনসম্মতভাবেই হবে।

তিনি বলেন, যারা জাতির পিতার হত্যাকাণ্ডের সাথে জড়িত ও ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনাকারী, তাদের প্রতি আওয়ামী লীগের উচিৎ ছিলো তেমন ব্যবহার দেওয়া।

তিনি আরও বলেন, খালেদা জিয়াকে বিদেশে যেতে হলে দেশের প্রচলিত আইন মেনে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী যেতে হবে।

খালেদা জিয়ার সঙ্গে আ স ম আব্দুর রবের উদাহরণ হতে পারে না উল্লেখ তিনি বলেন, হাজী সেলিমও কিন্তু আইনের বাইরে যাওয়ার সুযোগ পাননি।

তিনি বলেন, আওয়ামী লীগ শূন্যে ভেসে, হাওয়ায় উড়ে কিংবা বন্দুকের নল উঁচিয়ে ক্ষমতায় বসেনি।

বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, আওয়ামী লীগ অবৈধ দল হলে, তাহলে কেন খালেদা জিয়ার মুক্তি কিংবা বিদেশে পাঠানোর জন্য অনুমতি চাওয়া হয়। রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে কথার সীমারেখা মানা উচিত।

রাজনীতিবিদদের বেফাঁস কথা বলা থেকে দূরে থাকা, বেফাঁস কথা না বলার পরামর্শও দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

এসময় তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের বিলবোর্ড কিংবা পোস্টার, ফেস্টুন করে প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানান।

এছাড়াও দলের আহ্বানে যেকোনো নেতাকর্মীদের ঝাঁপিয়ে পড়া এবং বিএনপির সহিংসতা বিরুদ্ধে নেতাকর্মীদের রুখে দাঁড়ানোর আহ্বানও জানান ওবায়দুল কাদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ