বিদেশে কর্মী পাঠাতে এখন দক্ষতার দিকে নজর দেওয়া প্রয়োজন উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেছেন, বাংলাদেশ থেকে প্রতিবছর অনেক লোক যাচ্ছে। সেই তুলনায় রেমিট্যান্স আসছে না। যা আসছে তা খুবই কম।
সোমবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে প্রবাসী কল্যাণ ভবনের বিজয় ৭১ হলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মো. মাহবুব হোসেন বলেন, কর্মীর দক্ষতার দিকে আমাদের বিশেষ নজর দেওয়া দরকার। আমরা অনেক লোক পাঠাচ্ছি, কিন্তু সেই তুলনায় আমাদের মাথাপিছু রেমিট্যান্স খুবই কম। অনেক দেশ কম লোক পাঠিয়ে এর চেয়ে বেশি রেমিট্যান্স নিতে পারে। আমরা কেন পারছি না, আমি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে বলব— এদিকে একটু অগ্রাধিকার দিয়ে এখানে কিছু এনগেজমেন্ট বাড়ানোর জন্য।
সচিব বলেন, আমরা শুধু কর্মী না পাঠিয়ে, শুধু মধ্যপ্রাচ্যকে টার্গেট না করে, যদি ইউরোপ কিংবা পাশ্চাত্যের দিকে নজর দেই, সেখানে যাতে আমরা আরও বেশি লোক পাঠাতে পারি— সেদিকে আমাদের বিশেষ নজর দেওয়া জরুরি। যতদ্রুত সম্ভব আমাদের এক্ষেত্রে পদক্ষেপ নেওয়া উচিত। কিছু কিছু দেশের লোক খুব বেশি যায়, তারা যেতে পারলে আমরা কেন পারছি না, সেটাও খতিয়ে দেখা উচিত।
মাহবুব হোসেন আরও বলেন, প্রবাসী কর্মীরা যে রেমিট্যান্স পাঠান, সেটা যেন বৈধ পথে পাঠান। সেক্ষেত্রে তারা কী কী সুযোগ-সুবিধা পাবেন, কিংবা পাচ্ছেন সেগুলোর ব্যাপক প্রচার করা দরকার। শুধু প্রচার না, সেখানে যদি আমাদের প্রাতিষ্ঠানিক কোনো দুর্বলতা থাকে, সেগুলো বের করে আমাদের অ্যাড্রেস করা দরকার।
আলোচনা সভায় এসময় উপস্থিত ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফর, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান, আইওএম বাংলাদেশের মিশন প্রধান আবদুসাত্তর এসোয়েভ ও বাংলাদেশে আইএলও’র কান্ট্রি ডিরেক্টর তুমো পুতিয়ানিন।